মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ফরিদপুরের বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়া। বিশেষ করে ২০২১ সালের মাসুদ হত্যা মামলা দিয়ে তার পরিবারকে জড়িয়ে রাজনৈতিকভাবে নির্যাতন, নিপীড়ন এবং মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সাবেক এই প্যানেল মেয়র। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১টায় ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মুন্সী, প্রচার সম্পাদক মির্জা ইমরান হোসেন, ভাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রিজু মিয়া, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক প্রিন্স মাতব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়া তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এছাড়া, তাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাসুদ রানা নিহত হন। ওই হত্যা মামলায় তাকে, তার পরিবারের সদস্য ও সমর্থকদের আসামি করা হয়। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, আমার দীর্ঘদিনের রাজনীতির সুনাম নষ্ট করার জন্যই এসব করা হচ্ছে। বাচ্চু মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি'র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গজারিয়া গ্রামের গ্রাম সরকার প্রধান, হামিরদী ইউনিয়নের সদস্য, ভাঙ্গা পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মাসুদ হত্যা মামলার বাদী ও সাক্ষীদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন।