ওসমানী হাসপাতালে হামলা, কর্মবিরতিতে ইন্টার্নরা

চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতাল স্টাফের তর্ক, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে প্রথমে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়ান। পরে তারা ওয়ার্ডে ভাঙচুর শুরু করেন এবং শিক্ষানবিশ চিকিৎসকসহ দায়িত্বরতদের ওপর হামলা চালান।

হামলায় এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তা করা হয় এবং ওয়ার্ডের কয়েকজন কর্মী মারধরের শিকার হন। ঘটনার খবর পেয়ে অন্যান্য দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকরা হামলাকারী এক নারীসহ তিনজনকে আটক করেন। পরে ডাক্তার ও স্টাফরা মিলে রোগীর স্বজনসহ তিনজনকে বেধড়ক পিটান। পুলিশ গভীর রাতে তাদের আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নগরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা রাত থেকেই কর্মবিরতিতে রয়েছেন। হামলার বিষয়ে মামলা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা অগ্রাধিকার।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে পুলিশের কয়েকটি দল হাসপাতালে যায়। কয়েকজন আটক রয়েছেন। হাসপাতাল এলাকায় নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ তৎপর আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।