মৃত্যুদণ্ড স্থগিতের সিদ্ধান্তে ইরানকে ‘ধন্যবাদ’ ট্রাম্পের

ইরানে রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির সরকারের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইতিবাচক প্রতিক্রিয়া জানান।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা যায়, ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে সপ্তাহান্তের ছুটি কাটাতে যাওয়ার পথে ট্রাম্প বলেন, ‘ইরান ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। আমি তাদের এই সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান জানাই।’

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও বিষয়টি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত পোস্টে লেখেন, ‘ধন্যবাদ!’

এর কয়েক দিন আগেই ইরানে চলমান বিক্ষোভে বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে- এমন হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে ইরানের মৃত্যুদণ্ড স্থগিতের সিদ্ধান্তের পর তার অবস্থানে নমনীয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মানবাধিকার কর্মীদের মতে, ইরানে বিক্ষোভ চলাকালে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবুও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, আপাতত ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা কম।

আরব ও ইসরায়েল কর্মকর্তাদের চাপে তিনি ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কি না- এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি। আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, ‘গতকাল ৮০০ জনের বেশি মানুষের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তারা কাউকে ফাঁসি দেয়নি। এই সিদ্ধান্ত আমার ওপর বড় প্রভাব ফেলেছে।’ তবে ইরান সরকারের কার সঙ্গে আলোচনার ভিত্তিতে এই তথ্য নিশ্চিত হয়েছে, সে বিষয়ে ট্রাম্প কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।