থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ফুটসালে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩–৩ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে দুইবার পিছিয়ে পড়েও দৃঢ়তা দেখিয়ে সমতায় ফিরেছে সাবিনা খাতুনের দল, ফলে একটি মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের শুরুতে ভুটান প্রথম গোল করে এগিয়ে যায়। তবে মধ্যমাঠ থেকে নেওয়া সুমাইয়া মাতসুসিমার দৃষ্টিনন্দন দূরপাল্লার শটে দ্রুত সমতা ফেরায় বাংলাদেশ। ১–১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। সেই সুযোগে টানা দুই গোল করে ভুটান আবারও এগিয়ে যায়। কিন্তু পিছিয়ে পড়েও হার মানেনি লাল-সবুজের মেয়েরা। অধিনায়ক সাবিনা খাতুন নিজেই একটি গোল করে দলকে ম্যাচে ফেরান। এরপর মাসুরা পারভীনের গোলে সমতা আসে। শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোলের দেখা মেলেনি।
এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতকে ৩–১ গোলে হারিয়েছিল। ভুটানও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১–১ গোলে ড্র করে। ছয় দল নিয়ে অনুষ্ঠিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে প্রত্যেক দল পাঁচটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই চ্যাম্পিয়ন হবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ নারী দল পেয়েছে ৪ পয়েন্ট, আর পুরুষ দল সংগ্রহ করেছে ১ পয়েন্ট।