হৃদয়-মালানের রেকর্ড গড়া জুটি; লিটনের ‘গোল্ডেন ডাক’

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

বিপিএলে আজ শনিবার ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। তারকাবহুল রংপুর আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮১ রানের পাহাড় গড়েছে, যার সিংহভাগ রানই এসেছে ওপেনিং জুটিতে। ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের গড়া ১২৬ রানের জুটি এবারের বিপিএলে ওপেনিংয়ে সর্বোচ্চ, আর যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ।

মিরপুর শেরে বাংলায় রংপুরের দুই ওপেনারের জুটিতে ভাগ্যের সহায়তাও ছিল বেশ। তিনবার জীবন পেয়েও বেঁচে গেছেন তাওহীদ হৃদয়। ৪০ বলে তুলে নিয়েছেন এবারের বিপিএলে তৃতীয় ফিফটি। তার আগেই মালান ফিফটি পূরণ করেন ৩৫ বলে। ১৪.১ ওভার স্থায়ী ১২৬ রানের ওপেনিং জুটির অবসান হয় মালানের বিদায়ে। এই ইংলিশ ক্রিকেটারের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ৭৮ রানের ইনিংস; স্ট্রাইকরেট ১৫৯.১৮।

অন্যদিকে হৃদয় খেলেন ৪৬ বলে ৬২ রানের ইনিংস, যাতে ছিল ৫টি চার এবং ৪টি ছক্কার মার। তার স্ট্রাইকরেট ১৩৪.৭৮। তিনে নেমে কাইল মেয়ার্স উপহার দেন ১৬ বলে ২৪ রানের ক্যামিও। তবে চরম ব্যর্থ হয়েছেন লিটন। দুই বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামা রংপুর অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে মারেন ‘গোল্ডেন ডাক’। ঢাকার হয়ে ৩৩ রানে দুটি উইকেটে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। রান তাড়ায় নেমে ঢাকা পড়েছে ব্যাটিং বিপর্যয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত