নগরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে ৩৩০ জন সন্ত্রাসীর নাম-ঠিকানা প্রকাশ করে তাদের মহানগর এলাকা থেকে বহিষ্কার, নগরে প্রবেশ এবং তাদের অবস্থান নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটিন পুলিশ (সিএমপি) কমিশনার৷ তবে তালিকায় মৃত এক ব্যক্তির নামও আছে। ওই ব্যক্তি চট্টগ্রাম সিটি করপোরেশন এর সাবেক কাউন্সিলর।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ ১৯৭৮ এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীদের মহানগরী এলাকা থেকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো। তালিকার ২২৭ নম্বরে থাকা সাবেক কাউন্সিলর আতাউল্লা চৌধুরী ইতিমধ্যে মারা গেছেন। মৃত ব্যক্তি কিভাবে শহর থেকে বহিষ্কার করা হবে?
এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সংবাদ মাধ্যমেকে বলেছেন, বিষয়টি সম্পর্কে যাচাই করে তালিকা সংশোধন করা হবে৷
তালিকায় থাকা অনেকেই ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের বিষয়ে জানতে চাইলে সিএমপির এই কর্মকর্তা বলেন, যারা আটক বা গ্রেপ্তার আছেন তারা আটক থাকবে। তারা যাতে বের হতে না পারে সেই জন্যে তালিকাতে তাদের নাম দেয়া আছে৷
এদিকে তালিকার ৪ নাম্বারে চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা শওকত আজম প্রকাশ খাজার নামও দেয়া হয়েছে৷ এই বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি৷ সিএমপির সূত্রে জানা গেছে শিগগিরই সংশোধীত আরেকটি তালিকা প্রকাশ হতে পারে।