সাভারে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন দাবি

সাভারে ট্যানারি শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম ১৮ হাজার এক টাকা মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ট্যানারি শিল্পে কর্মরত শ্রমিকদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান এবং মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়নের আহ্বান জানান।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ট্যানারি শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিকদের জন্য সরকার ২০২৪ সালের নভেম্বর মাসে ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করে। মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সম্মতিতেই এই মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছিল। তবে ঘোষণার দীর্ঘ সময় পার হলেও এখনো তা বাস্তবায়ন করেননি ট্যানারি মালিকরা। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকরা একাধিকবার আন্দোলন করলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। এতে শ্রমিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। দ্রুততম সময়ের মধ্যে সরকার নির্ধারিত ১৮ হাজার এক টাকা মজুরি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘গেজেট প্রকাশের সময় মালিক পক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে। কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। শ্রমিকরা বারবার ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন করলেও কোনো সুফল পায়নি।’

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা মালিকদের দায়িত্ব। শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করলে শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়।

এ সময় বিভিন্ন ট্যানারি থেকে কয়েক শতাধিক শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেন।