ইসি কোনো ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেছেন, আগামীকাল নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন। কাল ইসি কোনো ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে আমরা রাজপথে নামবো, আইনি লড়াই করবো। কোনোভাবেই ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেবো না।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনী আপিল শুনানির প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও নির্বাচন কমিশনে (ইসি) গুন্ডামি করছেন। এটি দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা কোনো বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেবো না। বিএনপির দিকেও আঙ্গুল তুলেন এনসিপির এ নেতা বলেন, বিএনপি গণতন্ত্রের ধারক বলে প্রচার করলেও তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে।