পূর্বসূরীরা যে জুলুমের মধ্যে দিয়ে গেছে আমাদের যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, বাবা দাদারা যে মার্কায় ভোট দিয়েছে আমাদেরও সেই মার্কায় ভোট দিতে হবে এই যদি হয় আমাদের চিন্তা তাহলে আমাদের পূর্বসূরীরা যে জুলুমের মধ্য দিয়ে গেছে আমাদেরও একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর সদরের গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের প্রচারণা সভায় সজীব ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫৪ বছরে আমরা দেখেছি এই বাংলাদেশে কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হয়। কিন্তু আমরা চাই আগামীর বাংলাদেশে একজন রিকশাওয়ালার ছেলেও এমপি মন্ত্রী হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্র ভাঙতে হবে। পরিবারতন্ত্র ভাঙতে হলে বাংলাদেশের এক নম্বর আসনে শাপলা কলিকে বিজয়ী করতে হবে।
গণঅভ্যুত্থান প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১১ দল ভেবেছে বাংলাদেশকে মুক্ত করা প্রয়োজন, সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে গিয়ে শতশত নেতাকর্মী ত্যাগ স্বীকার করে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। শাপলা কলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।
এর আগে তিনি নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড় থেকে হ্যাঁ ভোট ও শাপলা কলির প্রচার গাড়িতে নেতাকর্মীদের সঙ্গে প্রচারণার মাধ্যমে সভাস্থলে পৌঁছান।
