ইতিহাসের খোঁজে আলকারাজ সিনার জোকোভিচ

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন মানেই নতুন শুরুর গল্প। কিন্তু এবারের গল্পটা একটু অন্যরকম। গত কয়েক বছরে টেনিস বিশ্ব দেখেছে এক নতুন দ্বৈরথ কার্লোস আলকারাজ বনাম ইয়ানিক সিনার। গত আটটি মেজরের সবকটিই ভাগ করে নিয়েছেন এই দুজন। মেলবোর্নের নীল কোর্টে এবারও কি থাকবে এই ‘ডুয়োপলি’, নাকি পুরনো রাজা জোকোভিচ ফিরে পাবেন তার হারানো সাম্রাজ্য?

বিশ্বের এক নম্বর তারকা কার্লোস আলকারাজ এবার মেলবোর্নে নামছেন একটি অপূর্ণতা ঘোচাতে। ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন আর ইউএস ওপেন জেতা হয়ে গেলেও অস্ট্রেলিয়ার মাটি এখনো তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এবার জিতলেই মাত্র ২২ বছর বয়সে তিনি হবেন ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় যিনি চারটি গ্র্যান্ড স্ল্যামই জয়ের কৃতিত্ব দেখাবেন। তবে আলকারাজের জন্য চ্যালেঞ্জটা ভিন্ন; দীর্ঘ ৭ বছর পর কোচ হুয়ান কার্লোস ফেরেরোকে ছাড়াই বড় কোনো টুর্নামেন্টে নামছেন তিনি। গুরুর অনুপস্থিতি কি ভোগাবে এই স্প্যানিশ তারকাকে?

২০২৪ এবং ২০২৫ টানা দুই বছরের শিরোপাধারী সিনার এবার নামছেন হ্যাটট্রিকের লক্ষ্যে। যদি তিনি সফল হন, তবে নোভাক জোকোভিচের পর প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে মেলবোর্নে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বেন এই ইতালিয়ান তারকা।

৩৮ বছর বয়সে এসেও নোভাক জোকোভিচ ফুরিয়ে যাননি। যদিও গত বছর ইনজুরির কারণে লড়াইটা কঠিন ছিল, তবুও মেলবোর্ন পার্ক জোকোভিচের সবচেয়ে প্রিয় জায়গা। প্রথম রাউন্ডে জিতলে এই মাঠেই শততম জয়ের রেকর্ড গড়বেন তিনি। তার লক্ষ্য এখন একটিই ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া।

এছাড়া ফর্মে থাকা অ্যালেক্স মিনাউর, আলেকজান্ডার বুড়লিক, দানিল মেদভেদেভ, , ফিলিক্স অগার-জসিম, লরেঞ্জো মুসেটি ও অন্য খেলোয়াড়রা বড় চমক দেখাতে পারেন।

নারী এককে নতুন সমীকরণ : নারী এককের লড়াইটা আরও বেশি উন্মুক্ত। বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা টানা চতুর্থবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে নামছেন। ব্রিসবেন টাইটেল জিতে তিনি দারুণভাবে বছর শুরু করেছেন। তবে তার প্রধান বাধা হতে পারেন ইগা সোয়াতেক, যার ঝুলিতেও আলকারাজের মতো অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি নেই। সোয়াতেক জিতলে তিনিও পূর্ণ করবেন তার ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’। এছাড়া গতবারের চ্যাম্পিয়ন ম্যাডিসন কিস, কোকো গফ এবং এলেনা রিবাকিনাও প্রস্তুত অঘটনের জন্ম দিতে।