গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে দাদি ও নাতিসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাদের নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।
মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মীর সাজেদুর রহমান জানান, তেঁতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির কাছাকাছি বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য একটি বৈদ্যুতিক তার দিয়ে বেড়া তৈরি করা হয়। সেখানেই প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে দাদী রাহেলা ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ওই দুইজনকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সাইফানকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।