কালভার্টের নিচ থেকে ৪টি ককটেল বোমা উদ্ধার

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

বর্তমানে উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে একটি বালতির পানির মধ্যে রাখা হয়েছে। বিষয়টি অবহিত করার পর পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমাগুলো নিষ্ক্রিয় করবে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদ জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।