টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির নেতৃত্বে সাবেক হকি খেলোয়াড়!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ফুটবলের দেশ ইতালি। প্রথমবার ক্রিকেটের কোনো বৈশ্বিক আসরে অংশ নিতে যাওয়া দেশটি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে সাবেক হকি খেলোয়াড় ওয়েন ম্যাডসেনকে। দলে আরও আছে দুই জোড়া ভাই এবং সাবেক দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ট্রেভর স্মাটস।

আগেই জানা গিয়েছিল, ইতালিকে প্রথমবার বিশ্বকাপে তোলার নায়ক জো বার্নস বিস্ময়করভাবে এই দলে থাকছেন না। তার জায়গাতেই ম্যাডসেনকে অধিনায়ক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওযা ম্যাডসেন দেশটির জাতীয় হকি দলের হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার ২০০৬ হকি বিশ্বকাপের দলের সদস্যও ছিলেন। ২০০৮ সালে ইংল্যান্ডে স্থায়ীভাবে পাড়ি জমানোর পর তিনি ক্রিকেটে নাম লেখান।

ডানহাতি এই ব্যাটসম্যান পিএসএল, এসএ টোয়েন্টি, ভাইটালিটি ব্লাস্ট মিলিয়ে ২০১৬টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন! এই ফরম্যাটে তার রান ৫ হাজার ৪০৬। ২ সেঞ্চুরির সঙ্গে আছে ৩৪টি ফিফটি। ২০২৩ সালে ইতালির জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ইতালির সঙ্গী বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপাল।

১৫ সদস্যের এই দলে দুই জোড়া ভাই হলেন- হ্যারি ও বেঞ্জামিন মানেন্টি এবং অ্যান্থনি ও জাস্টিন মোসকা। সাবেক দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ট্রেভর স্মাটসের এখনো ইতালির হয়ে খেলা হয়নি। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের স্ত্রী ইতালিয়ান হওয়ায় তিনি দেশটির হয়ে খেলার সুযোগ পেয়েছেন। তিনি সর্বশেষ ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনও করে থাকেন।

ইতালির বিশ্বকাপ দল: জেইন আলী, মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটরক্ষক), আলী হাসান, কৃষাণ কালুগামাগে, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্টি, জিয়ান পিয়েরো মিডে, অ্যান্থনি মস্কো, জাস্টিন মস্কো, সৈয়দ নকভি, বেঞ্জামিন মানেন্টি, জাসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা।