সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনে কাজ করছি: ঢাকা রেঞ্জ ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে উৎসাহ-উদ্দীপনা ও সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি বলেন, সবাই যেন গণভোটে অংশ নিতে পারে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্য সর্বদা তৎপর রয়েছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি ও দায়িত্ব পালন প্রয়োজন, তার সবকিছুই আমরা যথাযথভাবে সম্পন্ন করবো।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সেনা ক্যাম্পের কর্মকর্তাবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।