বাঁশখালী উপজেলা পরিষদের সামনে লবণের ন্যায্যমূল্যের দাবিতে লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে গতকাল রবিবার সকালে মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, চামড়া শিল্পের মতো দেশের লবণ শিল্প ধ্বংসের চক্রান্ত মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘দেশের ৪০ হাজার মানুষ লবণ শিল্পের সঙ্গে জড়িত। কিন্তু সিন্ডিকেট করে বারবার প্রান্তিক লবণ চাষিদের পেটে লাথি মারা হয়। লবণ শ্রমিকরা তাদের ন্যায্যমূল্য পায় না।’
বাঁশখালী উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি বজল আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবাইর আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা জি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হেলাল উদ্দীন, মোস্তফা আলী, ফরিদ আহমদ, মো. হোছাইন প্রমুখ। পরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের মাধ্যমে শিল্প উপদেষ্টা বরাবর দশ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।