জলাবদ্ধতা নিরসনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজারের ভিউসি মোড় থেকে বায়তুল আতিক মসজিদ হয়ে ধানমহল পর্যন্ত প্রায় ৮০০ মিটার দীর্ঘ ড্রেন স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ‘স্বপ্নের আঠারবাড়ী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গত শনিবার ও গতকাল রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠনের ১০-১২ জনের একদল তরুণ ড্রেনের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করে।
দীর্ঘদিন পর ড্রেনের ময়লা পরিষ্কার হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা, মুসল্লি ও বাজারের ব্যবসায়ীরা। বায়তুল আতিক মসজিদের মুসল্লি মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘১২ মাস মসজিদের সামনে ময়লা পানি জমে থাকে। রাস্তায় যানবাহন চলাকালে প্রায় সময়ই ময়লা পানির ছিটা শরীরে ও জামা-কাপড়ে পড়ে। এতে ওজু নষ্ট হয়ে যায়। তবে এবার ‘স্বপ্নের আঠারবাড়ী’ সংগঠনের স্বেচ্ছাসেবকরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খুব ভালো কাজ করেছে। স্বেচ্ছাসেবকরা জানান, তারা ড্রেনের দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা বস্তায় ভরে ভ্যানে করে বাজার থেকে দূরে নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলছে। দীর্ঘদিন পর বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা।
পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়ে স্বপ্নের আঠারবাড়ী সংগঠনের স্বেচ্ছাসেবক আরিফ হাসান, ইমরান তুষার, মেহেদি হাসান রকি, জুয়েল রানা ও সাকিব মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার না করার কারণে সারা বছর নোংরা পরিবেশে মানুষ চলাচল করে। বর্ষাকালে হাঁটুসমান পানি জমে রাস্তায়। শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে অনেক কষ্ট হয়। দীর্ঘদিন পরে হলেও আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবকরা মিলে ময়লা-আবর্জনা পরিষ্কার শুরু করেছি। সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করেছে। তবে এই ৮০০ মিটারের বাইরে বাজারের সব ড্রেন আমাদের একার পক্ষে হয়তো পরিষ্কার করা সম্ভব হবে না। আমরা উপজেলা প্রশাসন, বাজার কমিটি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ প্রচেষ্টায় যদি কাজ করি তাহলে একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে পারব। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি।’