নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে বার্সাকে হারানোর কীর্তি গড়ল ক্লাবটি। এই হারে লিগে মৌসুমের তৃতীয় পরাজয়ের মুখ দেখল বার্সেলোনা। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে তারা। অন্যদিকে সোসিয়েদাদ উঠে এসেছে লিগ টেবিলের অষ্টম স্থানে।
রবিবার রাতে ৩২তম মিনিটে দুর্দান্ত ভলিতে সোসিয়েদাদকে এগিয়ে দেন অধিনায়ক মিকেল ওয়ারসাবাল। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামাল ফাউলের শিকার হলে রেফারি প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দিলেও ভিএআরে সেটি অফসাইড ধরা পড়ে। ইংল্যান্ড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড ৭০তম মিনিটে দারুণ হেডে সমতা ফেরান। ম্যান ইউ থেকে ধারে আসার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল বার্সেলোনার জার্সিতে তার ৮ম গোল।
তবে সমতা বেশিক্ষণ টিকেনি। রাশফোর্ডের গোলের এক মিনিটের মধ্যেই গনসালো গুয়েদেস গোল করে ফের স্বাগতিকদের এগিয়ে দেন, যা শেষ পর্যন্ত জয়সূচক গোলে পরিণত হয়। ম্যাচজুড়ে বার্সেলোনার জন্য দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি। প্রথমার্ধের প্রথম ৩০ মিনিটেই ফেরমিন লোপেজ, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামালের তিনটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।বিরতির পর দানি ওলমো টানা দুইবার পোস্টে বল মারেন।
বদলি হিসেবে নামা রবার্ট লেভানদোভস্কির হেড গোলরক্ষক আলেক্স রেমিরো ফিরিয়ে দেন। ৮৫তম মিনিটে জুলস কুন্দের হেডও পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে পেদ্রির ওপর বাজে ফাউলের জন্য কার্লোস সোলের সরাসরি লাল কার্ড দেখলেও ১০ জনের দল নিয়েই অতিরিক্ত নয় মিনিটের চাপ সামলে নেয় সোসিয়েদাদ।