আমিরাত

শাবানের চাঁদ উঠেছে রমজানের ক্ষণগণনা শুরু

সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রমজান মাসের দিন গণনা শুরু হলো। আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অর্ধচন্দ্র দেখার ওপর নির্ভর করবে বলে জানিয়েছে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএনসিএডি)।

গালফ নিউজের প্রতিবেদন বলা হয়, সোমবার (১৯ জানুয়ারি) আবুধাবি থেকে ১৪৪৭ হিজরির  শাবান মাসের চাঁদের একটি ছবি ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদের ছবিটি স্পষ্ট ধারণ করতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

তথ্যমতে, স্থানীয় সময় সকাল ১১টায় ছবিটি তোলা হয়। সে সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সাধারণত দিনের আলোতে নতুন চাঁদ দেখা কঠিন। কারণ তখন চাঁদের আলো অত্যন্ত ক্ষীণ থাকে এবং সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তবে এদিন আকাশ পরিষ্কার থাকায় চাঁদের উপস্থিতি তুলনামূলক স্পষ্টভাবে ধরা পড়ে।