টাকা দিয়ে কোনো বিশেষ দল ক্ষমতায় আসতে পারবে না: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভোট নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। এখন আর রাজনৈতিক চাপ নেই, তাই টাকা দিয়ে কোনো বিশেষ দল ক্ষমতায় আসতে পারবে না। সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। আমরা চাই ভালো, ত্যাগী ও জনদরদি মানুষ নেতৃত্বে আসুক।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জুডিশিয়ারির স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোনো সরকারকেই সংস্কার করতে হয়। আমরা ইতোমধ্যে কিছু সংস্কার করেছি। সেগুলো বাস্তবায়নের লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনীতি আইসিইউ অবস্থা থেকে কেবিনে এসেছে।

তিনি বলেন, অতিরিক্ত দুর্নীতি ও অর্থ পাচারের কারণে একসময় দেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গিয়েছিল। সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। বর্তমান সরকার মাত্র দেড় বছরে অর্থনীতিকে সেই সংকটাপন্ন অবস্থা থেকে অনেকটাই তুলে এনেছে।

বক্তব্য শেষে উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারা মাঠে স্থাপিত গণভোটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।