সিঙ্গুরে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, মমতা ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে বাধা দিচ্ছে, যার ফলে অনুপ্রবেশকারীদের অবাধে ঢোকার সুযোগ তৈরি হচ্ছে।
মোদি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকার এই অনুপ্রবেশকারীদের ‘স্থায়ী ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করছে। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ব্যক্তিগত ক্ষোভের জন্য রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বাধার কথাও বলেন।
প্রধানমন্ত্রী ঘোষণা করেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ‘এক জেলা এক পণ্য’ নীতি চালু করা হবে। এর মাধ্যমে প্রতিটি জেলার বিশেষ পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রচার পাবে।
মৎস্যজীবী যোজনার মতো প্রকল্প আটকে রাখার অভিযোগ করে মোদি বলেন, মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি এটিকে সাধারণ মানুষের ভবিষ্যতের সঙ্গে খেলার শামিল বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী রাজ্যে ‘মাফিয়া-রাজ’ ও ‘সিন্ডিকেট ট্যাক্স’ চলার অভিযোগ তুলে বলেন, এমন পরিবেশে নতুন বিনিয়োগ আসা সম্ভব নয়। বিজেপি ক্ষমতায় এলে নারী সুরক্ষা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সিঙ্গুরের ঐতিহাসিক রাজনৈতিক মঞ্চ থেকে বিজেপি সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছে।