কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
এর আগে সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একতারা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছিলেন আবুল হাশেম। পরে তাকে শহরের থানাপাড়া মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়ার্দার জানান, তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরেছি স্ট্রোকজনিত কারণে জেলা আমিরের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত হবার জন্য চিকিৎসকরা এখনও পর্যবেক্ষণ করছেন। পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারব।
হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন জানান, ধারণা করা হচ্ছে উচ্চ রক্তচাপের ফলে মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে রোগীর মৃত্যু হয়ে থাকতে পারে।
প্রয়াত আরাফাত রহমান কোকো সম্পর্কে কটুক্তি করার ঘটনায় কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে। এর প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে অংশ নেন আবুল হাশেম।