দেশে ফিরেই নতুন একটি সাহিত্যনির্ভর সিনেমার খবর জানান চিত্রনায়িকা পরীমনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হচ্ছে একই নামের নতুন একটি সিনেমা। এটি নির্মাণ করছেন লিসা গাজী। চলতি বছরে অক্টোবর-নভেম্বর মাসের দিকে সিনেমাটি শুটিং শুরু হবে। এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পরীমনি। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১৯ জানুয়ারি) বিকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পরীমনি মন্তব্য করেন, আমি কাজ করতে এসে নানা ধরনের সমস্যা পড়েছি। সবাই এমনিতেই আমাকে একটু বেশি শত্রু ভাবে।
তিনি আরও বলেন,‘সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার আমি হিরো ছাড়া কাজ কিভাবে করছি এবং কিভাবে শেষ করছি। আবার যখন হিরোদের সাথে কাজ করি তখন দেখা যায় সিনেমার প্রচারের সময় হিরোদেরকেও পাওয়া যায় না। যদিও এসব আমার বলা উচিত না।’