আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক পদে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের মেয়াদ গত নভেম্বর থেকে আর নবায়ন করা হয়নি। অর্থাৎ তিনি এখন আর এই পদে নেই।
আজ সোমবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ২০২৪ সালের ১৯ নভেম্বর টবি ক্যাডম্যানকে বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১৯ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়।
চিফ প্রসিকিউটর বলেন, টবি ক্যাডম্যানকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার প্রথমে এর মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনা করেছিল। কিন্তু চূড়ান্তভাবে আইন মন্ত্রণালয় বললো যে, যেহেতু তাঁদের মেয়াদ মাত্র কয়েক দিন আছে, এ মুহূর্তে আর নতুন করে কোনো অ্যাগ্রিমেন্টে (চুক্তি) তারা যাবে না।’ লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান।
এদিকে সন্ধ্যায় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক বার্তাং বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এর বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান এর সাথে সরকারের সম্পাদিত ১ বছরের চুক্তি গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ শেষ হয়েছে। যা আর নবায়ন হয় নি। অর্থাৎ ২৬ নভেম্বর থেকে জনাব টবি ক্যাডম্যান পরামর্শক হিসেবে আর দায়িত্ব পালন করছেন না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল, সে সময় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েও অনুমতি পাননি চবি ক্যাডম্যান। গণঅভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনগর্ঠিত ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদে নিয়োগ পান তিনি।