বিচার, সংস্কার ও নির্বাচন নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে: আদিলুর রহমান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিচার সংস্কার ও নির্বাচন— এই তিনটি প্রধান কাজকে সামনে রেখেই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আপনারা দেখছেন, এই সরকার মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে— বিচার, সংস্কার এবং নির্বাচন।’

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণভোট উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘১২ তারিখের নির্বাচনে দুটি ভোট থাকবে। একটি গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং অন্যটি প্রার্থীর পক্ষে। আমি সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ একই সঙ্গে তিনি ভোটারদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের অর্থ হলো— ভবিষ্যতে যেন আর কখনো দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়। এজন্য সবাইকে সচেতনভাবে ভোট দিতে হবে।

গণভোট উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জৈবুন্নাহার শাম্মি। ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম আজমল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। স্বাগত বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে. এম. মামুনুর রশীদ।

এ সময় দর্শক আসন থেকে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভৈরবের মুখ্য সমন্বয়কারী শরীফুল হক জয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর তানজিম শাকিল, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফাইজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।