ঢাকান্ডমাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী সেতুর ওপর রোগীবাহী একটি চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অল্পতে প্রাণে রক্ষা পেয়েছেন রোগী ও অ্যাম্বুলেন্স চালকসহ অন্তত ছয়জন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামসংলগ্ন সেতুর ওপর এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
সিরাজদীখান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আরিফ আনোয়ার জানান, ঢাকা মেডিকেল কলেজ থেকে সিজারের রোগী সুবর্ণা ও তার দাদি মরিয়মসহ স্বজনদের নিয়ে অ্যাম্বুলেন্সটি মাগুরার উদ্দেশ্যে রওনা দেয়। পথে ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছালে আকস্মিক ইঞ্জিন থেকে ধোয়া বের হতে দেখেন তারা। এ সময় অ্যাম্বুলেন্স থামালে তাড়াহুড়া করে রোগী, রোগীর স্বজন ও চালক নেমে পড়েন। পরে পুরো অ্যাম্বুলেন্সেই আগুন ছড়িয়ে পড়ে। রোগী সুবর্ণা মাগুরার শতখালী গ্রামের মো. মিঠুনের স্ত্রী।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই রোগী-স্বজন ও অ্যাম্বুলেন্স চালক নিরাপদে নেমে পড়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটে।