ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) চালু হওয়ার পরেও বাংলাদেশে বিনিয়োগকারীরা আধুনিক সেবা পাচ্ছেন না বলে মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বলছি, দুর্নীতি কমাতে চাই। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য আধুনিক সেবার মান নিশ্চিত করতে চাই। কিন্তু কোনো কারণে বাংলাদেশে বিনিয়োগকারীরা এই আধুনিক সেবা পাচ্ছেন না।’
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা সম্মেলন মিলনায়তনে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সব সেবা সুবিধা আরও সহজ করতে চার ব্যাংক ও সাত সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিডা। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আশিক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মো. শাহারুল হুদা। এ সময় আরও ছিলেন বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ প্রমুখ।
সমঝোতা স্মারক স্বাক্ষর করা ব্যাংকগুলো হলো রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বিডা জানায়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি করপোরেশনগুলো বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সঙ্গে তাদের নিজস্ব সিস্টেম সংযুক্ত করবে। এর ফলে বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ, বিভিন্ন আর্থিক ও সিটি করপোরেশন সংক্রান্ত বিনিয়োগ সেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, সরকার প্রণীত ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) বিধিমালা, ২০২০ অনুযায়ী বিনিয়োগ সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সেবা একক প্ল্যাটফর্ম থেকে প্রদানের লক্ষ্যে বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু করেছে।