চৌদ্দগ্রাম

জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৫

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষই পাঁচজন আহত হয়েছে। উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজারে সোমবার (১৯ জানুয়ারি) রাতে হামলার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী ইসমাইল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ও জামায়াত সমর্থক তাসকিন। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ,  চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে রবিবার রাত ও সোমবার ভোরে বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার ছাত্রীদের বহনকারী একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ নিয়ে উত্তেজনায় সোমবার দুপুরে ধনিজকরা বাজারে উভয়পক্ষের হামলায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী ইসমাইল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ও জামায়াত সমর্থক তাসকিনসহ পাঁচজন আহত হন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বলেন, ধনিজকরায় জামায়াত-বিএনপির সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।