চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. মাহবুবের রহমান শামীম। রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

নিয়োগপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (হাতিয়া) আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সময়ের জন্য মো. মাহবুবের রহমান শামীমকে চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগ অনুযায়ী তিনি প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং তিনি বিধিবহির্ভূত মোতাবেক ভাতা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত