বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী

ইসির নানা আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন এমনভাবে দায়িত্ব পালন করা উচিত, যেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না উঠে। কিন্তু নির্বাচন কমিশনের নানা কারণে, নানা বিষয়ে ও নানা আচরণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জাজিরা উপজেলা অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাজিরা উপজেলা বিএনপির আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ ১৬/১৭ বছর ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি। এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মত প্রার্থীকে ভোট দেবে। এটাই হওয়া উচিত, এটাই মানুষ চায়।  

রিজভী মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকার আমলে খাদ্য সংকট, কর্মসংস্থান হচ্ছে না, কারখানা বন্ধ আবার মুদ্রাস্ফীতি বাড়ছে বৈদেশিক কোন ইনভেস্টমেন্ট নেই, জবাবদিহিমূলক সরকার নেই,  প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, নানাভাবেই আমরা সরকারের ঢিলেঢালা ভাব দেখছি তা অত্যন্ত দুঃখজনক। 

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন, শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, মাদারীপুর -২ আসনের বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহানসহ শরীয়তপুর জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

পরে সদর উপজেলা বিএনপির আয়োজিত শরীয়তপুর সদর পৌরসভা অডিটোরিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।