ফেনীতে ফ্রি চিকিৎসা-ওষুধ সরবরাহে কেয়ার সেন্টার চালু

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বানাপুকুর গ্রামে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘তিশমা-জাইমা দাতব্য চিকিৎসালয় ও ডায়াবেটিস কেয়ার সেন্টার’।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চিকিৎসালয়টির শুভ উদ্বোধন করেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক্তন চেয়ারম্যান বদিউর রহমান।

তিশমা-জাইমা দাতব্য চিকিৎসালয় ও ডায়াবেটিস কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. তাহের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব আল-হোসেন, সাংবাদিক আবু তাহের, ফেনী বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মোতালেব হুমায়ুন, সদস্য সচিব হাফিজুর রহমান এবং ‘বন্ধুর বন্ধন’-এর প্রধান পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুম জুয়েল। এছাড়া বক্তব্য দেন সমাজসেবক তাজুল ইসলাম, হোম প্লাসের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান মাসুম, বন্ধুর বন্ধনের সভাপতি জিএম তাজ উদ্দীন পলাশ, জিএম মজুমদার ও সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা সমাজসেবক তাজুল ইসলাম।

প্রধান পৃষ্ঠপোষক এম. তাহের উদ্দিন জানান, এই দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ জন কনসালট্যান্ট, ২ জন মেডিকেল অফিসারসহ অভিজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তাদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ সরবরাহ করা হবে। তিনি আরও জানান, ১৩ শতাংশ জমির ওপর ২ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে এবং ভবিষ্যতে এটিকে একটি মেডিকেল কলেজে রূপান্তরিত করার প্রত্যাশা রয়েছে।