নীলফামারীতে চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্যদের বিএনপিতে যোগদান

নীলফামারী জেলা সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ৯ জন ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন। যোগদান কারীদের মধ্যে তিনজন নারী ইউপি সদস্যও রয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে নীলফামারী জেলা বিএনপির পৌর মার্কেট কার্যলয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকৃতরা আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটির নেতাকর্মী বলে জানানো হয় ।  

যোগদান কারীরা নীলফামারী ২ (সদর) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেন। 

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক।

যোগদানকারীরা হলেন ইটাখোলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী ফকির, ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মনি বেগম, আঞ্জু আরা বেগম, মমতা বেগম ও মহম্মদ মজনু। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়ন যুগ্ন আহবায়ক সোহেল পারভেজ, যুগ্ন আহবায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, কমিটির সিনিয়র সদস্য আনিছুর রহমার কোকো, জাতীয়তাবাদী হিন্দু ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনপ্রতিনিধিদের এই যোগদান তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করবে।

বিএনপিতে যোগদানকারী নবাগতরা তাদের বক্তব্যে বলেন, বিগত দিনে যে প্রত্যাশা নিয়ে যাদের পক্ষে কাজ করেছি তারা আমাদের এ প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতেই বিএনপিতে যোগ দিলাম আমরা।

উল্লেখ যে, এর আগে গত রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পার্টি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছিলেন জেলা সদরের তিন জন সাবেক ইউপি চেয়ারম্যান। তারা হলেন কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী, চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া এবং খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশাফউদ্দৌলা সিদ্দিকী খোকন।