জুলাই হত্যাকাণ্ড

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় যে কোনোদিন

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট রাজধানীর অদূরে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় লাশ পোড়ানোর মামলার বিচারের রায় হবে যে কোনোদিন। মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় অপেক্ষমান রাখে।

গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রসিকিউশনপক্ষে সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলায় বিচারকাজ শুরু হয়। গত বছরের ২১ আগস্ট এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। 

আশুলিয়ার ঘটনার মামলায় ১৬ আসামির মধ্যে ৮ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন, পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান ও শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ আসামি এখনো পলাতক। আসামি আবজালুল হক ইতোমধ্যে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে এ মামলায় রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে সাক্ষ্য দেন।