ফেসবুকে বিজ্ঞাপন দেখে ঋণ, যুবক প্রতারিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেসবুকে কম সুদে সহজ ঋণ পাওয়ার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে প্রতারিত হয়েছেন জয়ন্ত কুমার (২৪) নামে এক যুবক।

এ ঘটনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ দেন।

প্রতারিত জয়ন্ত কুমার উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর পূর্বপাড়া গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।

জানা গেছে, গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবসার জন্য কম সুদে সহজ ঋণ পাওয়ার প্রচার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন জয়ন্ত কুমার।

ওই বিজ্ঞাপন দাতার সঙ্গে জয়ন্তর হোয়াটস অ্যাপে কথোপকথনের মাধ্যমে ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার চুক্তি হয়।

এ সময় ঋণ প্রদানকারি ব্যক্তি ঋণের জামানত বাবদ তার নিকট থেকে প্রথমে ৪ হাজার ৩০০ টাকা বিকাশের মাধ্যমে নেয়। পরে আবার ঋণ ফর্ম বাবদ নগদ এজেন্ট নম্বরের মাধ্যমে ১০ হাজার টাকা নিয়ে নেয়।

তৃতীয় দফায় ঋণের ভ্যাট বাবদ ৩ হাজার ২০০ টাকা এবং চতুর্থ দফায় বীমার জন্য ৮ হাজার ৭শ টাকা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে নেয়।এমনিভাবে পর্যায়ক্রমে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

জয়ন্ত কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, তার নিকট থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর তিনি প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান।