খুলনার সোনাডাঙ্গা থানার নেছার উদ্দিন সড়কে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলাবার দুপুরে তাদের থানা থেকে আদালতে নেওয়া হয়। এর আগে গত সোমবার রাতে কয়রার মদিনাবাদের বাসিন্দা এসএম শফিকুল ইসলামের মেয়ে শাহানাজ পারভীন বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, সোনাডাঙ্গা নেছার উদ্দিন সড়কের বউবাজার এলাকার পঞ্চম তলার দ্বিতীয় তলায় ভাড়া থাকেন শাহানাজ পারভীন। কিছুদিন আগে ওই বাসায় আসেন তার অসুস্থ বাবা। গতকাল সোমবার দুপুরে মামলার আসামি মেহেদী হাসান মিরাজ, মিরাজ গাজী এবং আরেফিন আল নাহিন বাসা ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে প্রবেশ করে। ভবনের দ্বিতীয় তলায় প্রবেশ করে তারা নিজেদের খুলনা জেলা এনসিপির সদস্য বলে পরিচয় দেয়। এ সময় মামলার এক নম্বর আসামি মেহেদী হাসান মিরাজ বাদীর বাবা এসএম শফিকুল ইসলাম এবং মেয়ে শাহানাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। কারণ জিজ্ঞাসা করলে মোবাইল থেকে একটি ছবি বের করে তাদের জানানো হয় শফিকুল ইসলাম আওয়ামী লীগ করতেন। তাদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের একপর্যায়ে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।