চ্যাম্পিয়ন্স লিগে বড় অঘটন ঘটাল স্পোর্টিং সিপি। লিসবনে শেষ মুহূর্তের নাটকীয়তায় বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট–জার্মেইকে (পিএসজি) ২–১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাবটি। ম্যাচের নায়ক লুইস সুয়ারেজ—শেষ ২০ মিনিটে জোড়া গোল করে জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচের শুরু থেকে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। ভিতিনিয়া, নুনো মেন্দেস ও মারকিনিয়োসের প্রচেষ্টা বারবার ঠেকান স্পোর্টিং গোলরক্ষক রুই সিলভা। প্রথমার্ধে পিএসজির একটি হেড গোল ফাউলের কারণে বাতিল হয়। উল্টো দিকে স্পোর্টিংও কয়েকটি সুযোগ নষ্ট করে।
৭৪ মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা পায় স্পোর্টিং। দূরপাল্লার শট প্রতিহত হয়ে সুয়ারেজের পায়ে এলে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি—৭৯ মিনিটে বদলি খেলোয়াড় খভিচা কভারাতস্কেলিয়া বাঁ দিক থেকে ভেতরে ঢুকে দুর্দান্ত শটে সমতা ফেরান পিএসজির হয়ে।
শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। অতিরিক্ত সময়ের ঠিক আগে, ৯০ মিনিটে ট্রিনকাওয়ের শট ঠেকাতে গিয়ে পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়ের রিবাউন্ড দিলে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। তাতেই নিশ্চিত হয় স্পোর্টিংয়ের স্মরণীয় জয়।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শীর্ষ আটে উঠে এসেছে স্পোর্টিং সিপি। ঘরের মাঠে ফরাসি দলগুলোর বিপক্ষে তাদের দুর্দান্ত রেকর্ড আরও সমৃদ্ধ হলো। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন জোড়া গোল করা লুইস সুয়ারেজ।