গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের পরিবর্তন চাইলে ও আগের মতো গুম-খুন না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিবেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটে হ্যাঁ ভোট দিলে আপনারা অতীতে যা অরাজকতা দেখে আসছেন তা আর থাকবেনা মন্তব্য করে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে একটি অন্তর্বতীকালীন সরকার সেভাবে দেশ পরিচালনা করতে পারেন না। অন্তর্বতীকালীন সরকারের কোনো এমপি নেই, মন্ত্রী নেই এবং উপজেলা চেয়ারম্যানও নেই। আমাদের যা করতে হয় সরাসরি কাজ করতে হয়। কাজেই দেশ পরিচালনার জন্য যে ধরনের কাঠামো প্রয়োজন সেই কাঠামোর জন্য এই নির্বাচন করা। তাই আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক।
নির্বাচনের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমি দেখেছি এর আগের নির্বাচনগুলোকে টুইস্ট করা হয়েছে। কোথাও না কোথাও কারচুপি করা হয়েছে। তাই আমরা আগের মতো কোনো নির্বাচন হতে দেব না ও হবে না বলে আমি বিশ্বাস করি।
উপদেষ্টা বলেন, গণভোট শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ‘দেশের চাবি আপনার হাতে’-এই বার্তাকে সামনে রেখে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হতে হবে।
এসময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উপস্থিতি বাড়ানো, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন এবং অপপ্রচার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।