জমি বিরোধের জেরে ৩ বছরের শিশু হত্যা: গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ বছর বয়সী শিশু নুর আব্দুল্লাহকে হত্যার ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

এর আগে এ ঘটনায় নিহত শিশুর মা জোসনা আরা বাদি হয়ে বুধবার (২১ জানুয়ারি) জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাহফুজ (৩৩), বিবি রহিমা (৫৫) ও আমজাদ হোসেন ওরফে বাদশা মিয়া (২৮)। তারা সবাই জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মোস্তফা ভূইয়ার বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. দ্বীন ইসলামসহ বাদীপক্ষ ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অভিযুক্তদের মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে ৩ বছর বয়সী শিশু নুর আব্দুল্লাহ তার দাদির কাছে গেলে অভিযুক্তরা তাকে মাথায় আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, শিশুটির মা জোসনা আরা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।