ব্যানার ও ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ এলাকার রিফুজি মার্কেটে জামায়াত ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (সকাল) এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, ভবানীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন, অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেনসহ আরও একজন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, সকালে লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপি কর্মী কাশেম মাঝি বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক অভিযোগ করে বলেন, এর আগেও শাহাজানের নেতৃত্বে রিফুজি মার্কেট এলাকায় একাধিকবার ড. রেজাউল করিমের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার পরিকল্পিতভাবে জামায়াতের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, এতে তাদের কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন বলেন, শাহাজান মানসিকভাবে ভারসাম্যহীন। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের লোকজন তাকে মারধর করে রক্তাক্ত করেছে। এ ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। জামায়াত ইচ্ছাকৃতভাবে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।