আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি মাঠপর্যায়ে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে হেলিকপ্টারে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অবতরণ করেন সেনাপ্রধান। পরে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এরপর কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সেনাবাহিনী, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সেনাপ্রধান বলেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, অ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।