বাড়ছে তিস্তা নদীর পানি

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। 

সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পাউবো ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপ নুরুল ইসলাম জানান, রবিবার(১৯ জুলাই) বিকাল ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার (৫২.০১) নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। রাতে পানি কিছুটা কমে আসলেও ভোরের দিকে পানি বৃদ্ধি পেয়ে সোমবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার (৫২.১০) ‍নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা সকাল ৯টা পর্যন্ত একই লেভেলে ছিল। দুপুর ১২টার মধ্যে পানি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে সকাল ৮ টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়ার সম্ভবনা রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত