গোবিন্দগঞ্জে জামায়াতের অফিস ভাংচুর মামলায় শিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতের অফিস ভাংচুর মামলায় মোস্তফা কামাল সুমন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে পৌরশহরের রাজমতি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সুমন গোবিন্দগঞ্জে পৌর এলাকার বুজরোক বোয়ালিয়া (প্রধানপাড়া) গ্রামের সোলায়মান আলীর ছেলে। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি  জানান, ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনা ঘটে।

এ ঘটনার ১১ বছর পর গত বছরের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এতে মোস্তফা কামাল সুমনসহ আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।