ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছোয়াব মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি জুলাই গণঅভুত্থানে শহীদ ইমরানের বাবা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিরনগর সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মাঠে বিএনপির জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যে নাসিরনগর থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ছোয়াব মিয়া। ধরন্তী যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি। নিহত ছোঁয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরের বাসিন্দা। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এমএ হান্নান বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসিরনগর থেকে সরাইলের কুট্টাপাড়ায় যাওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।