তেল খাত সংস্কারের পথে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার হাইড্রোকার্বন (তেল ও গ্যাস) আইন সংস্কারের একটি ব্যাপক প্রস্তাব দেশটির তেল শিল্পে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা খসড়া নথি অনুযায়ী, প্রস্তাবিত এই সংস্কার কার্যকর হলে বিদেশি ও স্থানীয় কোম্পানিগুলো নতুন চুক্তি কাঠামোর আওতায় সরাসরি ভেনেজুয়েলার তেলক্ষেত্র পরিচালনার সুযোগ পাবে। এমনকি রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর সংখ্যালঘু অংশীদার হলেও তারা উৎপাদিত তেল বাজারজাত করতে এবং বিক্রির অর্থ থেকে লাভ নিতে পারবে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ গত সপ্তাহে জাতীয় পরিষদে সংস্কার প্রস্তাবটি উত্থাপন করেন। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের প্রণীত ঐতিহাসিক তেল আইন পরিবর্তনের মাধ্যমে ওপেকভুক্ত দেশটির তেল শিল্প পুনর্গঠনের উদ্যোগ হিসেবেই এ প্রস্তাবকে দেখা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় পরিষদে প্রাথমিক ভোটে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে আরও একটি ভোট প্রয়োজন হবে।

এই ভোটের আগেই চলতি মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে প্রায় পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহের একটি চুক্তি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এই চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার প্রধান রাজস্ব উৎসের ওপর যুক্তরাষ্ট্র কার্যত নিয়ন্ত্রণ পেয়েছে।

তবে স্বাধীন আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত এই সংস্কার ভেনেজুয়েলার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সংবিধানে তেল শিল্পের মূল কার্যক্রম রাষ্ট্রের জন্য সংরক্ষিত থাকার কথা বলা আছে। তাদের মতে, চাভেজ ও মাদুরো আমলে প্রণীত একাধিক সংশ্লিষ্ট আইন বাতিল না করলে এই সংস্কার বাস্তবায়ন কঠিন হবে। এছাড়া পিডিভিএসার সঙ্গে যৌথ উদ্যোগভিত্তিক বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে নতুন প্রস্তাবিত মডেলের সহাবস্থান তেল শিল্পে আইনি ও প্রশাসনিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও মত দিয়েছেন অনেকে।

এদিকে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ডেলসি রড্রিগেজের নেতৃত্বকে ‘খুবই শক্তিশালী’ আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার তেলের একটি অংশ পেতে শুরু করেছে। ট্রাম্পের ভাষায়, এতে যুক্তরাষ্ট্র আরও সমৃদ্ধ হবে, করের চাপ কমবে এবং একই সঙ্গে ভেনেজুয়েলাও আগের চেয়ে ভালো অবস্থানে পৌঁছাবে।

একই দিনে কারাকাসে কূটনৈতিক অঙ্গনেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র নিকারাগুয়া ও হন্ডুরাসে সাবেক রাষ্ট্রদূত লরা এফ. ডগুকে ভেনেজুয়েলায় নতুন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।