সাফ উইমেন’স ফুটসাল টুর্নামেন্টে পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেললেন সাবিনা-কৃ্ষ্ণা-নীলারা। দ্বিতীয়ার্ধে গোল হয় আরও তিনটি। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল সাবিনা বাহিনী।
আজ শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৪ গোল। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। অন্য গোলটি নিলুফা ইয়াসমিন নীলার। দারুণ গোছালো আক্রমণে সপ্তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মাতসুশিমা সুমাইয়া বল বাড়ান গোলমুখে। ফাঁকায় থাকা সাবিনা নিখুঁত ট্যাপে বল জড়িয়ে দেন জালে।
এই গোলের রেশ কাটতে না কাটতেই সাবিনার পাসে সার্কেলের ঠিক ওপর থেকে বাম পায়ের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন নীলা। দশম মিনিটে নৌশিন ব্যবধান ৩-০ করেন। দুই মিনিট পর পাকিস্তান গোলকিপারে স্লাইড করেও বল ক্লিয়ার করতে পারেননি। নিখুঁত টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন নৌশিন। প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের মধ্যে আরও দুই গোল করেন কৃষ্ণা এবং সাবিনা।
জয় যেখানে নিশ্চিত হয়ে গেছে, তাই দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল না বাংলাদেশ। তবু দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে সাবিনার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। এর একটু পর আনমোল হিরা উঁচু শটে পাকিস্তানের একমাত্র গোলটি করেন। সাত মিনিট বাকি থাকতে সাবিনার শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে দূরূহ কোণ থেকে দলের ৯ম গোলটি করেন অধিনায়ক সাবিনা।
উল্লেখ্য, ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করে। পরের দুই ম্যাচে যথাক্রমে নেপালকে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারায় সাবিনারা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ভারত ৪ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করেছে। বাংলাদেশের থেকে তারা অনেকটাই পিছিয়ে। আগামী রবিবার বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। ৭ দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা।