উপদেষ্টা আদিলুর রহমান

আবু সাঈদের স্বপ্ন পূরণে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান 

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলায় মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। কবর জিয়ারত শেষে তিনি স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সাথে আলাপকালে গণভোটে  ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বন জানান।

আজ শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে তার বাবা ও ভাইকে সাথে নিয়ে মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে উপস্থিত এলাকাবাসী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন,  আবু সাঈদকে নিয়ে সারা বাংলাদেশ ভাবে। আজকে জুলাই সনদ তৈরি হয়েছে। জুলাই সনদের জন্য ১২ তারিখে গণভোট। এ রকম গণভোট শত বছরে একবার-দুইবার হয়। বাংলাদেশে জুলাই সনদের পক্ষে, আবু সাঈদের যে স্বপ্ন, জুলাই শহীদদের যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এ ছাড়াও গত তিনবার তো ভোট হয় নাই। এইবার মানুষ যেন ভোট দিতে পারে উৎসবমুখর পরিবেশে এটাই আমাদের আশা। 

রংপুরের উন্নয়ন ও বৈষম্যমূলক বাজেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রংপুর কখনো অবহেলিত ছিল না। রংপুর বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। শুধু এখন নয় সেই ফকির সন্যাসী বিদ্রোহ থেকে এই অঞ্চলের মানুষরা সোজা হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক দিক থেকে রংপুর যা আছে তা থাকবে না, এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাবে।