সম্প্রতি রাজধানীর একটি জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি ডাইন’-এর নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখে পড়েন সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে সেই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক গুঞ্জন- একজন ওয়েটার চাকরি হারিয়েছেন-নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দীঘি যখন রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন, তখন পানীয় পরিবেশন করতে আসা এক ওয়েটারের হাতে থাকা তিনটি জুসের গ্লাসের একটি হঠাৎ ভারসাম্য হারিয়ে তার গায়ের ওপর পড়ে যায়। আকস্মিক এই ঘটনায় দীঘি কিছুটা বিচলিত হলেও দ্রুত নিজেকে সামলে নেন।
অন্যদিকে, সংশ্লিষ্ট ওয়েটারকে আতঙ্কিত ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর অন্য কর্মীরা এসে দীঘির পোশাক ও হাত পরিষ্কার করে দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একটি অংশ দাবি করেন, একজন আমন্ত্রিত তারকার গায়ে জুস পড়ানোর দায়ে ওই ওয়েটারকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের মতে, এমন ‘অপেশাদার আচরণ’ রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহজভাবে নেয়নি।
ঘটনার সত্যতা জানতে সংশ্লিষ্ট রেস্তোরাঁর ওই শাখায় যোগাযোগ করা হলে দায়িত্বরত এক কর্মকর্তা বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে আর সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে এই গুঞ্জন সরাসরি নাকচ করেছে ‘কাচ্চি ডাইন’-এর প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা সৈয়দ তানভীর নীল জানান, চাকরিচ্যুতির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্মী আমাদের সাথেই আছেন এবং নিয়মিত কাজ করছেন। এটি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা ছিল। এমন ঘটনায় কারও চাকরি যায় না। অফিশিয়ালি কিছুটা জবাবদিহি করা হয়েছে, এর বেশি কিছু নয়। আমরা বিষয়টির জন্য দীঘির কাছেও দুঃখ প্রকাশ করেছি।’
এদিকে এ ঘটনায় চিত্রনায়িকা দীঘির অবস্থান জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সব মিলিয়ে, রেস্তোরাঁর শাখা কর্তৃপক্ষের নীরবতা ও প্রধান কার্যালয়ের বক্তব্যের ভিন্নতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনটি পুরোপুরি পরিষ্কার না হলেও, চাকরিচ্যুতির দাবিকে প্রতিষ্ঠানটি সরাসরি অস্বীকার করেছে।