ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সার্বিক উন্নয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদটির অবকাঠামোগত ও কার্যক্রমভিত্তিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে পাশে থাকতে চায়।
শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সংস্কারকাজ শেষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা জানান, ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ধরনের একটি বুক কর্নার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপনের বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সভায় আলোচনার জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পবিত্র কুরআন শিক্ষা কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেন ধর্ম উপদেষ্টা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং ডাকসুর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তত্ত্বাবধানে দীর্ঘ ৬৫ বছর পর সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ডাকসু এ সংস্কার উদ্যোগ গ্রহণ করে।
সংস্কারকাজের আওতায় মসজিদে ১১০ টন ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযোজন, উন্নত আলোকসজ্জা, দুটি নতুন অজুখানা স্থাপন, নতুন কার্পেট বসানো, দেয়াল রঙ করা, নারী শিক্ষার্থীদের নামাজের স্থান সম্প্রসারণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে র্যাম্প নির্মাণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান এ সংস্কারকাজে অর্থায়ন করেছে।
মসজিদ সংস্কার কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বে ছিলেন ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম।