কলম্বিয়ায় ল্যাব বিস্ফোরণে নিহত ৯

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি কোকেন তৈরির ল্যাবে বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিনিও প্রদেশে এই বিস্ফোরণ ঘটে। এলাকাটি কোকেন উৎপাদনের জন্য পরিচিত এবং সেখানে আদিবাসী আওয়া জনগোষ্ঠীর বসবাস রয়েছে। একই সঙ্গে অঞ্চলটি অবৈধ সশস্ত্র গোষ্ঠীর দখলে রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। নিহতরা বিলুপ্ত এফএআরসি গেরিলা গোষ্ঠীর ভিন্নমতাবলম্বী অংশ ‘ন্যাশনাল কো-অর্ডিনেটর বলিভারিয়ান আর্মি’র সদস্য বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মাদক তৈরির সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই ল্যাবটিতে আগুন ধরে যায়। সংশ্লিষ্ট গোষ্ঠীও এক বিবৃতিতে ঘটনার কথা স্বীকার করে গ্যাস সিলিন্ডার ব্যবহারে মানবিক ভুলকেই বিস্ফোরণের কারণ হিসেবে উল্লেখ করেছে।

দীর্ঘদিন ধরেই নারিনিও অঞ্চল যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। স্থানীয় অপরাধচক্রগুলো মেক্সিকান কার্টেলের সহায়তায় সেখানে নিজেদের প্রভাব জোরদার করেছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মাদক পাচার রোধে ব্যর্থতার অভিযোগে কলম্বিয়া প্রতিবেশী ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে রয়েছে।