রামুতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা


কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম (৩৮) ওরফে লেদা পুতু  নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের  মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি শফিউলকে  ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান। এর কিছুক্ষণ মধ্যেই গুলির শব্দ শোনা যায়। পরে বাইরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, শফিউল আলম দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। 

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গভীর রাতে মাঝিরকাটা এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শফিউল আলমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন,'নিহত শফিউলের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি সহ প্রায়ই ডজনখানেক মামলা রয়েছে। আমরা ধারনা করছি আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে নতুবা নিজের দলের কোন্দলের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।  এ দুটি বিষয়কে সামনে রেখেই খুনিদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।'