বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে নিল আইসিসি

শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে আসরে খেলবে স্কটল্যান্ড। জানিয়েছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ। 

কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল আইসিসি। সেই সময়ের মধ্যে আইসিসির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক দাবিগুলো থেকে সরে না আসায় শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জগ গুপ্তা শনিবার সকালে আইসিসি বোর্ডকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানান, বিসিবির দাবিগুলো আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বোর্ডের সিদ্ধান্ত মানা হচ্ছে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জায়গায় অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া বিকল্প নেই। সেই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।

ক্রিকবাজ আরও জানায়, বাংলাদেশকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কার্যত সময়ের ব্যাপারই ছিল। সহযোগী দেশ স্কটল্যান্ডকেই শেষ পর্যন্ত বদলি দল হিসেবে চূড়ান্ত করা হয়। এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবরার মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে খেলবে। গ্রুপ পর্বে তারা কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি মাঠে নামবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।